সবুজ জ্বালানি খাতে দক্ষ জনবল গড়তে বাংলাদেশ-জার্মানির নতুন উদ্যোগ

DSJ Web Photo July 8 2026 RenewableEnergy
ছবি: টিএমইডি

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য দক্ষ জনবল গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও জার্মানি। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (টিএমইডি) এবং জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড একটি বাস্তবায়ন চুক্তি সই করেছে। এর মাধ্যমে ‘নবায়নযোগ্য জ্বালানি খাতে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ (টিভিইটিফোরআরই)’ প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি সই হয়। জিআইজেড জার্মান সরকারের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) পক্ষে এই প্রকল্প বাস্তবায়ন করবে।

এই প্রকল্পের মূল লক্ষ্য হলো নবায়নযোগ্য জ্বালানি খাতের দ্রুত পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরি করা। একই সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব এবং শিল্পের চাহিদাসম্মত করে গড়ে তোলাও প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া বলেন, এই চুক্তি শুধু একটি প্রকল্পের আনুষ্ঠানিকতা নয়; এটি বাংলাদেশ ও জার্মানির দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্বের প্রতিফলন। তিনি বলেন, কারিগরি শিক্ষা, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে জার্মানি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী।

তিনি আরও বলেন, দুই দেশের এই অংশীদারত্ব দেশের মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং ভবিষ্যতের দক্ষ কর্মশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিভিইটিফোরআরই প্রকল্পের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রয়োজনীয় সবুজ দক্ষতা (গ্রিন স্কিল) গড়ে তোলার পাশাপাশি দীর্ঘমেয়াদি কারিগরি সক্ষমতা উন্নয়ন করা হবে। এর ফলে স্থানীয় শিল্প, অর্থনীতি এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।

প্রকল্পটি বাংলাদেশ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাস্তবায়ন পরিকল্পনা ২০২৫-২০৩০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা হবে। ফলে জাতীয় পর্যায়ের দক্ষতা উন্নয়ন কর্মসূচির সঙ্গে এই উদ্যোগের সমন্বয় নিশ্চিত হবে।

অনুষ্ঠানে জিআইজেডের বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমও তুলে ধরা হয়। বিশেষ করে টিভিইটিফোরআরই এবং শিল্প ও পরিবেশগত নিরাপত্তায় পেশাগত শিক্ষা (প্রিসাইস) প্রকল্প কীভাবে পরিবেশবান্ধব শিল্পায়ন, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করছে, সে বিষয়েও ধারণা দেওয়া হয়।

চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য জার্মানি ২ কোটি ১৭ লাখ ৭৭ হাজার ইউরো সহায়তার প্রতিশ্রুতি দেয়। এর ধারাবাহিকতায় গত ১১ জুন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সই হওয়ার পর এবার বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রকল্পটি মাঠপর্যায়ে যাচ্ছে।

অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) শামসুর রহমান খান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন এবং বাংলাদেশে জার্মান দূতাবাসের সহযোগিতা বিভাগের উপপ্রধান (প্রথম সচিব) জানিস হুসেইনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষ জনবল তৈরিতে সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী এবং শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this article

আপনারা চাইলে কাস্টম বিজ্ঞাপন এইখানে দিতে পারেন
বিজ্ঞাপনের ছবি বা ভিডিও সাইজ ৩৩৬x২৮০ পিক্সাল হতে হবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top