ডলার কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি গভর্নরের

ডিএসজে

বৈদেশিক মুদ্রা বাজারে কৃত্রিম নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ সরে এসে ডলারের বিনিময় হার নির্ধারণের দায়িত্ব মুক্ত বাজারের ওপর ছেড়ে দেওয়ার স্পষ্ট সংকেত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক নিকট ভবিষ্যতে ডলারের দামে আর কোনো ধরনের হস্তক্ষেপ বা দর বেঁধে দেবে না; বরং চাহিদা ও জোগানের স্বাভাবিক নিয়মে এই হার নির্ধারিত হবে। তবে বাজারভিত্তিক এই ব্যবস্থার সুযোগ নিয়ে কোনো ব্যাংক যদি ডলারের বাজারে কারসাজি বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানদের সঙ্গে আয়োজিত এক বিশেষ বৈঠকে গভর্নর মোস্তাকুর রহমান এই কড়া বার্তা দেন। বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের উদ্যোগে আয়োজিত এই সভায় দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং বৈদেশিক মুদ্রা লেনদেনে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, গভর্নর ব্যাংকারদের আশ্বস্ত করেছেন যে কেন্দ্রীয় ব্যাংক এখন থেকে ডলারের বাজার ডিক্টেট বা নিয়ন্ত্রণ করবে না। তবে একই সাথে তিনি সতর্ক করেছেন, নির্ধারিত নিয়ম ভেঙে বেশি দামে ডলার কেনাবেচা করলে সংশ্লিষ্ট ব্যাংক ও কর্মকর্তাদের বড় খেসারত দিতে হবে। বাজার স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি আরও জোরদার করা হয়েছে।

অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা অভিযোগ করেছেন, চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসের মাঝামাঝি সময়েও কেন্দ্রীয় ব্যাংক মৌখিকভাবে ডলারের সর্বোচ্চ দাম বেঁধে দিয়ে বাজারে অনানুষ্ঠানিক হস্তক্ষেপ করেছিল। তবে বর্তমান সভায় গভর্নর স্পষ্টভাবে একটি সম্পূর্ণ বাজারভিত্তিক এবং নমনীয় বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

বৈঠক শেষে ব্যাংকগুলোকে আমদানি-রপ্তানি কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখা এবং রেমিট্যান্স প্রবাহ বাড়াতে আইনি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়।

Share this article

আপনারা চাইলে কাস্টম বিজ্ঞাপন এইখানে দিতে পারেন
বিজ্ঞাপনের ছবি বা ভিডিও সাইজ ৩৩৬x২৮০ পিক্সাল হতে হবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top