কেনো শাইনপুকুর সিরামিকসকে এলসি খুলতে বিশেষ সুবিধা

DSJ Web Photo July 14 2026 ShinepukurCeramics
ডিএসজে

ব্যাংক কোম্পানি আইনের একটি বিধান থেকে ব্যতিক্রমী ছাড় দিয়ে শাইনপুকুর সিরামিকস লিমিটেডকে কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এটি কোনো সাধারণ ঋণসুবিধা নয়। প্রতিষ্ঠানটিকে শতভাগ (১০০ শতাংশ) মার্জিন জমা দিয়েই রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে এলসি খুলতে হবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং বিদ্যমান কর্মসংস্থান রক্ষার স্বার্থেই এই বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক(৩) ধারার বিধান থেকে সাময়িক অব্যাহতি দিয়ে এই সুবিধা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ছাড়টি কেবল কাঁচামাল আমদানির উদ্দেশ্যে প্রযোজ্য হবে এবং ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে সোনালী ব্যাংকের মাধ্যমে শতভাগ মার্জিনে এলসি খুলে প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করতে পারবে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সিদ্ধান্তের উদ্দেশ্য প্রতিষ্ঠানটিকে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়া নয়; বরং উৎপাদন বন্ধ হওয়ার ঝুঁকি কমানো এবং কর্মসংস্থান অব্যাহত রাখা। সে কারণেই এলসি খোলার সুযোগ দেওয়া হলেও কোনো ধরনের মার্জিন ছাড় দেওয়া হয়নি।

একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক একাধিক শর্ত আরোপ করেছে। শর্ত অনুযায়ী, শাইনপুকুর সিরামিকসের সব ধরনের বিক্রয় আয় ও অন্যান্য প্রাপ্তি একটি নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখতে হবে। ওই হিসাব থেকে আনুপাতিক হারে সোনালী ব্যাংকের পাওনা নিয়মিত সমন্বয় করতে হবে।

এ ছাড়া, এই সুবিধার কারণে সরকার, অর্থ বিভাগ বা বাংলাদেশ ব্যাংকের ওপর কোনো আর্থিক দায় সৃষ্টি হবে না। ভবিষ্যতে এই সিদ্ধান্তের ভিত্তিতে সোনালী ব্যাংক সরকার বা বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা বা ক্ষতিপূরণ দাবি করতে পারবে না বলেও প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

ব্যাংক কোম্পানি আইনের নির্দিষ্ট বিধান শিথিল করে কোনো প্রতিষ্ঠানের জন্য এ ধরনের অনুমতি সাধারণত বিশেষ পরিস্থিতিতেই দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক বলছে, জনস্বার্থ, শিল্প উৎপাদন এবং কর্মসংস্থান অব্যাহত রাখার বিষয়টি বিবেচনায় নিয়েই শাইনপুকুর সিরামিকসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্দেশনাটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

Share this article

আপনারা চাইলে কাস্টম বিজ্ঞাপন এইখানে দিতে পারেন
বিজ্ঞাপনের ছবি বা ভিডিও সাইজ ৩৩৬x২৮০ পিক্সাল হতে হবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top