রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর মধ্যে অগ্রণী ব্যাংক পিএলসির এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি মো. জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকের এমডি মো. কামরুজ্জামান খান।
বুধবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অগ্রণী ব্যাংক পিএলসির এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি মো. জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকের এমডি মো. কামরুজ্জামান খানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকার সুপারিশ ও সম্মতি দিয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন এবং পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্ত অনুযায়ী আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে পরবর্তী বিধিসম্মত কার্যক্রম নিতে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তের পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ চুক্তিপত্র ও প্রযোজ্য আইন অনুযায়ী তাদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবে।
অর্থাৎ, সরকারের সুপারিশ ও সম্মতির ভিত্তিতে এখন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রক্রিয়া এগিয়ে নেবে।













