বণিকদের নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদ, কারা আছেন?

DSJ PhotoCard April 4
ছবি: পিএমও

বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের আমূল সংস্কার এবং আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের লক্ষ্যে প্রথমবারের মতো বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ, তথা প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিল (পিএসএসি) গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে এই নবগঠিত পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে গঠিত এই উচ্চপর্যায়ের প্ল্যাটফর্মটি এখন থেকে সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত চ্যালেঞ্জগুলো সরাসরি তুলে ধরার একটি শক্তিশালী কাঠামো হিসেবে কাজ করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই পরিষদের সদস্য হিসেবে দেশের নয় জন সফল ও শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর এবং রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এই প্রতিনিধিরা মাঠপর্যায়ে ব্যবসার বাস্তব অভিজ্ঞতা থেকে নীতিনির্ধারণী পর্যায়ে সরাসরি পরামর্শ প্রদান করবেন।

তালিকায় আরও রয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান এবং ইনসেপ্টা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুকতাদির। এই উদ্যোক্তারা মূলত উৎপাদনমুখী শিল্প এবং রপ্তানি খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কাজ করবেন। পাশাপাশি ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জাব্বার, র‍্যাংগস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী এবং প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর এই পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

বৈঠকের আলোচনায় অংশ নেওয়া একজন কাউন্সিল সদস্য জানান, এই পরিষদ মূলত প্রধানমন্ত্রীর ‘সাউন্ডিং বোর্ড’ হিসেবে কাজ করবে, যার মাধ্যমে তিনি সরাসরি ম্যানুফ্যাকচারিং খাতের তৃণমূল পর্যায়ের সমস্যাগুলো শুনতে পারবেন। এর মূল উদ্দেশ্য হলো সরকার এবং ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান ব্যবধান কমিয়ে আনা। আলোচনার মূল কেন্দ্রে ছিল নীতি সংস্কার, সহজীকরণ, মানসম্মত নীতিমালা প্রণয়ন এবং সময়মতো সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উন্মুক্ত ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেন। এরপর কাউন্সিল সদস্যদের মধ্যে এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় নিয়ন্ত্রক সংস্থার বাধা, জ্বালানি সংকট, দক্ষ মানবসম্পদ তৈরি, করনীতি, লজিস্টিকস সুবিধা, রপ্তানি বহুমুখীকরণ এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) নিয়ে বিস্তারিত কথা হয়। এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), নতুন প্রযুক্তি গ্রহণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ উন্নয়নের মতো বিষয়গুলোও আলোচনায় প্রাধান্য পায়।

কাউন্সিল সদস্যরা সরকারের এই মানসিকতা ও ফোরাম তৈরির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা এখন বেসরকারি খাতের সার্বিক মতামতের ভিত্তিতে একটি সংক্ষিপ্ত প্রস্তাবনা তৈরি করবেন, যার সাথে তাৎক্ষণিক চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য একটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক কর্মপরিকল্পনা থাকবে। প্রধানমন্ত্রী তাঁদের পরামর্শ দেন যে, বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে এই প্রস্তাবনায় অন্যান্য দেশের সফল আইনি ও নিয়ন্ত্রক দৃষ্টান্তগুলো অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এই উদ্যোগকে বিডা প্রস্তাবিত অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, বিডা এই পরিষদের সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি দপ্তরগুলোর সাথে যোগাযোগ রক্ষা করে প্রস্তাবিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সব ধরনের সহায়তা দেবে। প্রতি তিন মাসে অন্তত একবার এই পরিষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুকতাদির। আরও অংশ নেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এবং বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উপদেষ্টা পরিষদ গঠনের ফলে বিনিয়োগ নীতিতে স্বচ্ছতা আসবে এবং মানসম্মত কর্মসংস্থান তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব পড়বে।

এদিকে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।

Share this article

আপনারা চাইলে কাস্টম বিজ্ঞাপন এইখানে দিতে পারেন
বিজ্ঞাপনের ছবি বা ভিডিও সাইজ ৩৩৬x২৮০ পিক্সাল হতে হবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top