প্রথম প্রান্তিকে রবির দ্বিগুন মুনাফার চমক

Web Photo Card May 10 2026 Robi
ডিএসজে

দেশের টেলিযোগাযোগ খাতের দ্বিতীয় শীর্ষ অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যবসায়িক পারফরম্যান্সে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। প্রধান প্রতিযোগী গ্রামীণফোনের আয় যখন নিম্নমুখী, তখন রবির রাজস্ব আয় বেড়েছে ৮ শতাংশের বেশি। আয়ের এই শক্তিশালী প্রবৃদ্ধির ওপর ভর করে কোম্পানিটির নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ বা ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

রোববার (১০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই সাফল্যের চিত্র ফুটে উঠেছে।

২০২৬ সালের প্রথম তিন মাসের অনিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করলে দেখা যায়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে রবির সমন্বিত রাজস্ব আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫৩১ কোটি টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ২ হাজার ৩৪১ কোটি টাকা; অর্থাৎ এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ১৯০ কোটি টাকা। রবির পরিচালন মুনাফাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ সময় কোম্পানির পরিচালন আয় দাঁড়িয়েছে ৫৩৮ কোটি টাকারও বেশি, যা গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৯.৩৭ শতাংশ বেশি।

মুনাফায় কর্মীর হিস্যা ও কর পরিশোধের পর কোম্পানিটির নিট বা প্রকৃত মুনাফা দাঁড়িয়েছে ২৩২ কোটি ৩২ লাখ টাকা। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে যা ছিল ১২৬ কোটি টাকা। অর্থাৎ এক বছরে রবির নিট মুনাফা বেড়েছে ১০৬ কোটি টাকা বা ৮৩ শতাংশ। মুনাফার এই উল্লম্ফনে বড় ভূমিকা রেখেছে কোম্পানির ব্যয় ব্যবস্থাপনা এবং গ্রাহক পর্যায়ে উন্নত সেবা নিশ্চিতকরণ।

ব্যাংক ঋণে উচ্চ সুদহার রবির ওপর কিছুটা চাপ সৃষ্টি করলেও তা মুনাফার ধারায় বাধা হতে পারেনি। চলতি প্রান্তিকে কোম্পানির সুদ বাবদ ব্যয় ১০ শতাংশ বেড়েছে। প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের প্রথম তিন মাসে সুদ ব্যয় দাঁড়িয়েছে ১৮৬ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১৬৮ কোটি টাকা।

এদিকে, নিট মুনাফার দুর্দান্ত প্রবৃদ্ধির প্রভাবে রবির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ৪৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল মাত্র ২২ পয়সা। অর্থাৎ শেয়ারহোল্ডারদের আয়ের সক্ষমতা ঠিক দ্বিগুণ হয়েছে। টেলিকম খাতের শীর্ষ অপারেটর গ্রামীণফোন ব্যয় সংকোচনের মাধ্যমে ৪.৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ৬৬২ কোটি টাকা নিট মুনাফা করলেও রবির মতো বড় আয় প্রবৃদ্ধি দেখাতে পারেনি। রবির এই সাফল্য ইঙ্গিত দেয় যে, অপারেটরটি ডেটা সেবা ও ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে বাজারে নিজেদের অংশীদারিত্ব আরও মজবুত করছে।

মার্চ শেষে রবি আজিয়াটার সক্রিয় গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৭৪ লাখে। এর মধ্যে ডেটা ব্যবহারকারী গ্রাহক ৪ কোটি ৪৫ লাখ এবং ফোরজি ব্যবহারকারী ৪ কোটি ৩ লাখ। ডিজিটাল জীবনযাত্রার প্রসারের ফলে ডেটা ব্যবহারের হারও বেড়েছে লক্ষণীয়ভাবে। গত তিন মাসে রবির একেকজন গ্রাহক প্রতি মাসে গড়ে ৮.৯৫ জিবি ডেটা ব্যবহার করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৪ শতাংশ বেশি।

আর্থিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানিয়েছে, তারা কেবল ব্যবসা নয়, জাতীয় অর্থনীতিতেও বড় অবদান রাখছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে কর, ভ্যাট ও ফি বাবদ সরকারি কোষাগারে ২ হাজার ৭৩ কোটি টাকা জমা দিয়েছে রবি। কোম্পানিটির দাবি, এই অর্থ তাদের ওই প্রান্তিকের মোট আয়ের প্রায় ৮২ শতাংশ।

রবির এই অসামান্য অর্জনে সন্তোষ প্রকাশ করে এমডি ও সিইও জিয়াদ সাতারা বলেন, “ব্যয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং সুপরিকল্পিত বিনিয়োগের সুফল আমরা পেতে শুরু করেছি। প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও আমরা শেয়ারহোল্ডারদের জন্য কাঙ্ক্ষিত মুনাফা নিশ্চিত করতে পেরেছি। আমরা বিশ্বাস করি, দেশের অর্থনৈতিক পরিস্থিতির আরও উন্নতি হলে প্রবৃদ্ধির এই ধারা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।”

Share this article

আপনারা চাইলে কাস্টম বিজ্ঞাপন এইখানে দিতে পারেন
বিজ্ঞাপনের ছবি বা ভিডিও সাইজ ৩৩৬x২৮০ পিক্সাল হতে হবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top