পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের মাঝে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে আগামীকাল থেকে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১১ মে) সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
টিসিবি জানিয়েছে, আগামী ১১ মে থেকে ২১ মে পর্যন্ত মোট ১০ দিন (শুক্রবার ব্যতীত) সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এই বিশেষ ট্রাকসেলের আওতায় যে কোনো সাধারণ ভোক্তা টিসিবির পণ্য ক্রয় করতে পারবেন। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন গড়ে ৪০০ জন সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার সুযোগ পাবেন।
১০ দিনব্যাপী এই কার্যক্রমে সারাদেশে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর নিকট ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, প্রতিদিন ঢাকা মহানগর ও জেলায় ৫০টি, চট্টগ্রাম মহানগর ও জেলায় ২০টি করে ট্রাক থাকবে। এছাড়া অন্য ছয়টি বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল মজুত থাকবে।
ট্রাকসেল থেকে একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা দরে কিনতে পারবেন। এছাড়া প্রতি কেজি ৮০ টাকা দরে ১ কেজি চিনি এবং প্রতি কেজি ৭০ টাকা দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল কেনার সুযোগ থাকবে। সাধারণ বাজারে নিত্যপণ্যের বাড়তি দামের মধ্যে এই বিশেষ কার্যক্রম ভোক্তাদের স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে।
ট্রাকসেলের পাশাপাশি টিসিবির নিয়মিত ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমও অব্যাহত থাকবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মে মাসে সারাদেশে প্রায় ৭২ লাখ কার্ডধারী পরিবারের নিকট প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রয় করা হবে।
কার্ডধারী পরিবারের নিকট প্রতি মাসে ভর্তুকি মূল্যে যে পরিমাণ ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রয় করা হয়, উৎসব উপলক্ষে সেগুলোর পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে বলে টিসিবির আদেশে জানানো হয়েছে। মূলত উৎসবের বাজার নিয়ন্ত্রণ ও নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই সরকারের এই দ্বিমুখী উদ্যোগ।













