বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ মঙ্গলবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে। এখন থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডার ভোক্তাদের কাছে ১,২১৫ টাকার পরিবর্তে ১,২৫৩ টাকায় বিক্রি হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, “নতুন নির্ধারিত এলপিজির দাম ১,২৫৩ টাকা। এটি আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর এবং সব এলপিজি বিপণন কোম্পানি নতুন দামে এলপিজি বিক্রি করবে।” রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এই খবর দিয়েছে। বিইআরসির বরাত দিয়ে তারা জানায়, গত মাস নভেম্বরে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১,২১৫ টাকা।
জালাল আহমেদ বলেন, সৌদি আরবভিত্তিক আরামকো প্রতি মাসের শুরুতে যেভাবে এলপিজির চুক্তিমূল্য (সিপি) নির্ধারণ করে, সেই ভিত্তিতে ডিসেম্বর মাসের জন্য ১৩টি ভিন্ন সাইজের এলপিজি-ভর্তি সিলিন্ডারের দাম সমন্বয় করা হয়েছে।
বিইআরসি অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করেছে — লিটার প্রতি ৫৭.৩২ টাকা; খুচরা পর্যায়ে রেটিকুলেটেড সিস্টেমে কেজি প্রতি এলপিজি ১০০.৬৬ টাকা (বেসরকারি খাতের) এবং বেসরকারি খাতের গ্যাস সিস্টেমে সরবরাহকৃত এলপিজির দাম ঘনমিটার প্রতি ২২৩.৮০ টাকা।
বিইআরসি সিদ্ধান্ত অনুযায়ী, ১২.৫ কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১,৩০৫ টাকা, ১৫ কেজি ১,৫৬৬ টাকা, ১৬ কেজি ১,৬৭১ টাকা, ১৮ কেজি ১,৮৮০ টাকা, ২০ কেজি ২,০৮৮ টাকা, ২২ কেজি ২,২৯৮ টাকা, ২৫ কেজি ২,৬১০ টাকা, ৩০ কেজি ৩,১৩৩ টাকা, ৩৩ কেজি ৩,৪৪৬ টাকা, ৩৫ কেজি ৩,৬৫৪ টাকা এবং ৪৫ কেজি ৪,৬৯৯ টাকা।













