ছবি: প্রেস রিলিজ ও ডিএসজে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ আর্থিক বিশেষজ্ঞ নুজহাত আনোয়ার। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাঁর এই নিয়োগ অনুমোদন করেছে বলে ডিএসই’এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডিএসই বিজ্ঞপ্তিতে বলেছে, নুজহাত আনোয়ারের এই নিয়োগ বাংলাদেশের পুঁজিবাজারের ইতিহাসে একটি বিশেষ মাইলফলক। ডিএসই’র দীর্ঘ ইতিহাসে তিনিই প্রথম নারী হিসেবে এই শীর্ষ নির্বাহী পদে আসীন হতে যাচ্ছেন।
দীর্ঘ ও বৈচিত্র্যময় পেশাজীবন
আর্থিক বাজার, ব্যাংকিং এবং উন্নয়ন অর্থায়ন খাতে নুজহাত আনোয়ারের দুই দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য অভিজ্ঞতা রয়েছে। ডিএসই’তে যোগদানের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারিখাতবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনে (আইএফসি) বিভিন্ন জ্যেষ্ঠ নেতৃত্বের পদে আসীন ছিলেন।
আইএফসিতে থাকাকালীন নুজহাত আনোয়ার আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি লাইবেরিয়া এবং সিয়েরা লিওনের জন্য আইএফসি’র আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ, ভুটান ও নেপালের সিনিয়র কান্ট্রি অফিসার এবং কোভিড-১৯ মহামারি পরবর্তী সময়ে অ্যাক্টিং ক্লাস্টার ম্যানেজার হিসেবে তাঁর ভূমিকা অত্যন্ত প্রশংসিত হয়েছে।
বাতসোয়ানা এবং নামিবিয়াতে আইএফসি’র কার্যক্রম প্রসারেও তাঁর বিশেষ অবদান রয়েছে। নুজহাত আনোয়ার বাতসোয়ানায় আইএফসি’র প্রথম বিনিয়োগটি সম্পন্ন করার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন এবং সেখানে টেকসই বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নেন।
ব্যাংকিংখাতের অভিজ্ঞতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিন্যান্স বিভাগ থেকে বাণিজ্যে স্নাতকোত্তর সম্পন্ন করা নুজহাত আনোয়ার আইএফসিতে যোগদানের আগে দেশের ব্যাংকিংখাতে ১৬ বছর সক্রিয় ছিলেন। তিনি সিটিব্যাংক বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের বিভিন্ন জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেন। তিনি মূলধন ব্যবস্থাপনা, ট্রেজারি ও লিকুইডিটি, ট্রানজেকশন সার্ভিস এবং পোর্টফোলিও অপ্টিমাইজেশনে বিশেষভাবে দক্ষ।
পরিচালনা পর্ষদে দুই নতুন মুখ
ডিএসইর পরিচালনা পর্ষদেও দুইজন নতুন শেয়ারহোল্ডার পরিচালক যুক্ত হয়েছেন। চলতি বছরের ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশন মো. হানিফ ভূঁইয়া ও মো. সাজেদুল ইসলামকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ডিএসইর ৬৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তারা আনুষ্ঠানিকভাবে বর্তমান পরিচালক মোহাম্মদ শাহজাহান ও মো. শাকিল রিজভীর স্থলাভিষিক্ত হলেন।
নির্বাচিত পরিচালক মো. হানিফ ভূঁইয়া ১৯৯৫ সাল থেকে এই খাতের সঙ্গে জড়িত। তিনি রেপিড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং এর আগেও চারবার ডিএসই’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। আর শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজেদুল ইসলাম ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সাবেক সিনিয়র সহসভাপতি। তিনি বর্তমানে ডিএসই ব্রোকার্স ক্লাবের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।













