জ্বালানি সংকটসহ নানামুখী সমস্যায় জর্জরিত দেশের টেক্সটাইল খাতকে সংকটমুক্ত করতে সরাসরি হস্তক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী। কারখানাগুলোতে চলমান তীব্র গ্যাস সংকট নিরসন এবং ব্যাকওয়ার্ড লিংকেজ খাতের উন্নয়ন প্রস্তাবে গতি আনতে প্রধানমন্ত্রীর নির্দেশে গঠন করা হয়েছে উচ্চপর্যায়ের এক আন্তঃমন্ত্রণালয় কমিটি। কেবল কমিটি গঠনই নয়, আগামী এক সপ্তাহের মধ্যে খাতটির সব অংশীজনের সঙ্গে আলোচনা শেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পরবর্তী সভা ডাকার তাগিদ দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে নবগঠিত এই কমিটির প্রথম ও নীতি-নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত ২২ জুলাই বাংলাদেশ টেক্সটাইল মিলস্ অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে টেক্সটাইল শিল্পের বর্তমান সংকট তুলে ধরেন। ওই বৈঠকেই প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের রূপরেখা ও প্রস্তাব তৈরিতে উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের এই নির্দেশ দিয়েছিলেন।
বুধবারের প্রথম বৈঠকে অর্থ, বাণিজ্য ও ব্যাংকিং খাতের শীর্ষ নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন। এতে অংশ নেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোঃ মোস্তাকুর রহমান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
সভার সূচনা বক্তব্যে বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল সেক্টরের সংকট নিরসনে অত্যন্ত আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, শিল্পমালিকদের যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধান দিতেই সরকার তড়িঘড়ি করে এই উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।
বৈঠকে বিটিএমএ সভাপতি টেক্সটাইল শিল্পের প্রধান চ্যালেঞ্জ, বিশেষ করে ঋণ সুবিধা, রাজস্ব বাধা ও সার্বিক পরিচালনার মূল প্রতিবন্ধকতাগুলো উপস্থাপন করেন। কমিটির সদস্য ও বিটিএমএ প্রতিনিধিদলের মধ্যে বিশদ আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রী নিজেই সভায় যোগ দেন এবং নেতাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। আলোচনার শেষভাগে প্রধানমন্ত্রী শিল্পের দীর্ঘদিনের পুঞ্জীভূত গ্যাস সংকট মেটাতে কার্যকর উদ্যোগ নেওয়ার স্পষ্ট আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে গঠিত কমিটিকে দেশের সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরবর্তী উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা ডাকার সময়সীমা নির্ধারণ করে দেন।
বিটিএমএ-র প্রতিনিধিদলে সংগঠনটির পরিচালক মোঃ বাদশা মিয়া, সাবেক সহ-সভাপতি হোসেন মেহমুদ, সাবেক পরিচালক মোঃ মোশারফ হোসেন এবং প্রকৌশলী রাজীব হায়দার উপস্থিত ছিলেন। তৈরি পোশাক খাতের প্রাথমিক কাঁচামাল জোগানদাতা এই খাতটির অচলাবস্থা কাটলে রপ্তানি বাণিজ্যে নতুন গতি ফিরবে বলে আশা করছেন শিল্পসংশ্লিষ্টরা।













