১০ হাজার কোটির ১১ প্রকল্প উঠছে একনেকে

DSJ Web Photo PM
ডিএসজে

প্রায় ১০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উঠছে একনেকে। স্বাস্থ্য, নদী ও উপকূল সুরক্ষা, বিদ্যুৎ, নৌপরিবহন ও সড়ক অবকাঠামোতে যাবে এই অর্থ। এর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজের জরাজীর্ণ ভবন প্রতিস্থাপন। ১০টি মেডিকেল কলেজে নির্মাণ করা হবে ১৯টি আধুনিক হোস্টেল। পাশাপাশি ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র ও নদীভাঙন রোধেও থাকছে বড় বিনিয়োগ।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, বুধবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় মোট ১১টি প্রকল্প উপস্থাপন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৪৬ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৭৭৭ কোটি ৩০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে আসবে ১ হাজার ৩৬১ কোটি ১০ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে সাতটি নতুন এবং চারটি সংশোধিত।

স্বাস্থ্য খাতের দুটি প্রকল্পের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ প্রকল্প। দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ স্থাপনা সরিয়ে সেখানে নতুন অবকাঠামো নির্মাণের মাধ্যমে চিকিৎসা ও শিক্ষা কার্যক্রমের পরিবেশ উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

একই খাতের আরেকটি প্রকল্পের আওতায় ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ করা হবে। প্রকল্পটির প্রথম সংশোধনীও একনেকের অনুমোদনের জন্য তোলা হচ্ছে।

নৌপরিবহন খাতে ৪০ হাজার থেকে ৫৫ হাজার ডিডব্লিউটি ধারণক্ষমতার দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার জাহাজ কেনার প্রস্তাব রয়েছে। জ্বালানি পরিবহন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নৌপথে পণ্য পরিবহনের অবকাঠামো শক্তিশালী করার লক্ষ্যেই প্রকল্পটি নেওয়া হয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পও থাকছে অনুমোদনের তালিকায়। এর মধ্যে রয়েছে ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে লালমনিরহাট সদর উপজেলা রক্ষা, সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে কুমিরা ঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ এবং গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড ও তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পের প্রথম পর্যায়।

সড়ক অবকাঠামোর রক্ষণাবেক্ষণেও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের সেতুগুলোর রক্ষণাবেক্ষণে স্মার্ট প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বাড়ানোর একটি প্রকল্প একনেকে উপস্থাপন করা হবে। পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পও রয়েছে।

জ্বালানি খাতেও রয়েছে নতুন বিনিয়োগ। জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদনের জন্য তোলা হচ্ছে। একই সঙ্গে ঢাকার ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রথম সংশোধনীও রয়েছে।

এ ছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের তৃতীয় সংশোধনী একনেকের আলোচনায় আসবে।

৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও নয়টি প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন। একনেক সভায় এসব প্রকল্প সম্পর্কে সদস্যদের অবহিত করা হবে। এর মধ্যে রয়েছে বিএসএল-৩ গবেষণাগার স্থাপন এবং ভ্যাকসিন ও বায়োলজিক্স গবেষণা সক্ষমতা বৃদ্ধির সম্ভাব্যতা সমীক্ষা, বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বেস্ট) প্রকল্পের প্রথম সংশোধনী এবং সুন্দরবন সুরক্ষা প্রকল্প।

এ তালিকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী, ঢাকার গুলশানে ১৩২/৩৩/১১ কেভি ভূগর্ভস্থ গ্রিড উপকেন্দ্র নির্মাণ এবং ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনীও রয়েছে।

আরও রয়েছে মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের চতুর্থ পর্যায়, জনসেবা প্রদানে নিউ মিডিয়ার সর্বোত্তম ব্যবহার এবং কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনী।

সব মিলিয়ে এবারের একনেকের প্রকল্প তালিকায় স্বাস্থ্য অবকাঠামো, নদী ও উপকূল সুরক্ষা, নৌপরিবহন, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি, সড়ক, শিক্ষা এবং গবেষণার মতো গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের চিত্র উঠে এসেছে। বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজের পুরোনো স্থাপনা প্রতিস্থাপন এবং বিভিন্ন মেডিকেল কলেজে নতুন হোস্টেল নির্মাণ স্বাস্থ্যশিক্ষার অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Share this article

আপনারা চাইলে কাস্টম বিজ্ঞাপন এইখানে দিতে পারেন
বিজ্ঞাপনের ছবি বা ভিডিও সাইজ ৩৩৬x২৮০ পিক্সাল হতে হবে

More News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top