এলডিসি উত্তরণ: ব্যাংক খাতের স্ট্রেস টেস্ট

ডিএসজে প্রদায়ক
ডিএসজে প্রদায়ক

উন্নয়ন সবসময় চূড়ান্ত সাফল্য নয়। অনেক ক্ষেত্রে এটি নতুন দায়িত্ব ও নতুন ঝুঁকির সূচনা। বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণও তেমনই একটি সন্ধিক্ষণ। আন্তর্জাতিক স্বীকৃতির পাশাপাশি ব্যাংক খাতকে আরও জটিল বাস্তবতার হিসাব মেলাতে হবে। এতদিন আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা ও সহায়তার কাঠামো রপ্তানি খাতের পাশাপাশি ব্যাংকের ঋণপ্রবাহ, ট্রেড ফাইন্যান্স, বৈদেশিক মুদ্রা আয় এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতায় পরোক্ষ ‘নিরাপত্তা সুরক্ষা’ হিসেবে কাজ করেছে। উত্তরণের পর সেই সুরক্ষা দুর্বল হলে ব্যাংকের ঝুঁকি গ্রহণক্ষমতা, তারল্য ব্যবস্থাপনা ও মূলধন পর্যাপ্ততার ওপর চাপ বাড়তে পারে। বিশেষ করে যখন বাংলাদেশের ব্যাংক খাত আগে থেকেই খেলাপি ঋণ, সুশাসন ঘাটতি ও রিজার্ভ চাপের মতো সমস্যার মধ্যে আছে।

এলডিসি উত্তরণের ফলে আন্তর্জাতিক বাণিজ্যের কাঠামো বদলালে তার প্রভাব দ্রুতই ব্যাংক ব্যবস্থায় দেখা যায়। কারণ বাংলাদেশে রপ্তানি-আমদানি অর্থায়ন মূলত ব্যাংকনির্ভর। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ‘এভরিথিং বাট আর্মস’ (ইবিএ) সুবিধার আওতায় বাংলাদেশ শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পায়। এতে রপ্তানি আয় বাড়ে এবং ব্যাংকের ট্রেড ফাইন্যান্সিং কার্যক্রমও সচল থাকে। দেশের মোট রপ্তানির প্রায় ৪৫ শতাংশ ইউরোপীয় ইউনিয়নে যায়। এর বড় অংশই ব্যাংকের অর্থায়নের মাধ্যমে পরিচালিত হয়। এই সুবিধা না থাকলে বা কমে গেলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং রপ্তানি আদেশে চাপ পড়বে। ফলে ব্যাংকের রপ্তানিনির্ভর ঋণ ও বৈদেশিক বাণিজ্য অর্থায়নের মান দুর্বল হওয়ার ঝুঁকি বাড়বে।

যদি ২০২৯ সালের পর জিএসপি প্লাস সুবিধা নিশ্চিত করা না যায়, তবে তৈরি পোশাক রপ্তানির ওপর প্রায় ৮ থেকে ১২ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে। এই শুল্ক কেবল অতিরিক্ত ব্যয় নয়; ব্যাংকের দৃষ্টিতে এটি নগদ প্রবাহ কমে যাওয়া এবং ঋণ পরিশোধ সক্ষমতা দুর্বল হওয়ার ইঙ্গিত। কারণ দেশের মোট রপ্তানির বড় অংশ আসে তৈরি পোশাক খাত থেকে এবং এই শিল্পের প্রায় সব কার্যক্রমই ব্যাংক অর্থায়নের ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়লে রপ্তানি আদেশ কমতে পারে যার ফলে মুনাফা কমে যাবে। এতে উদ্যোক্তাদের ঋণ পরিশোধের সক্ষমতাও দুর্বল হতে পারে। বাংলাদেশের ব্যাংক খাতে যেখানে শ্রেণিকৃত ঋণ ও পুনঃতফসিলীকরণ আগে থেকেই বড় সমস্যা, সেখানে রপ্তানিতে ধাক্কা লাগলে নতুন করে খেলাপি ঋণের ঝুঁকি বাড়তে পারে।

বিশ্ব বাণিজ্য সংস্থার এক বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমান শুল্ক সুবিধা বজায় না থাকলে বাংলাদেশ প্রায় ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার সম্ভাব্য রপ্তানি আয় ক্ষতির মুখে পড়তে পারে। এটি মোট আয়ের একটি উল্লেখযোগ্য অংশ। রপ্তানি আয় কমে গেলে তার প্রভাব দ্রুতই ব্যাংক খাতে পড়ে। প্রথমত, বৈদেশিক মুদ্রার প্রবাহ কমে রিজার্ভ ও বৈদেশিক মুদ্রা বাজারে চাপ বাড়ে। দ্বিতীয়ত, ট্রেড ফাইন্যান্সিং থেকে পাওয়া ফি ও অন্যান্য অ-সুদ আয় কমে ব্যাংকের মুনাফা সংকুচিত হয়। তৃতীয়ত, রপ্তানিকারকদের নগদ প্রবাহ দুর্বল হলে ঋণ পরিশোধে চাপ বাড়ে এবং খেলাপি ঋণের ঝুঁকি বাড়ে। রপ্তানি কমে গেলে ব্যাংকের তারল্য ও বৈদেশিক লেনদেন ব্যবস্থায় চাপ আরও তীব্র হতে পারে।

ব্যাংকগুলো বিশেষ করে তৈরি পোশাক খাতে কার্যকর মূলধন ঋণ, ঋণপত্র (এলসি) এবং বৈদেশিক মুদ্রা লেনদেনের মাধ্যমে বড় পরিমাণ অর্থায়ন করে। রপ্তানি আদেশ কমে গেলে এসব ঋণের নিরাপত্তা দুর্বল হতে পারে। উৎপাদন কমলে এবং মুনাফার মার্জিন সংকুচিত হলে উদ্যোক্তাদের ঋণ পরিশোধের সক্ষমতাও কমে যায়। এতে খেলাপি ঋণের ঝুঁকি বাড়ে। বাংলাদেশের ব্যাংক খাত ইতিমধ্যেই উচ্চ খেলাপি ঋণ এবং দুর্বল ঋণ মূল্যায়নের সমস্যায় ভুগছে। এলডিসি উত্তরণের ফলে এই বিদ্যমান দুর্বলতাগুলো আরও প্রকট হতে পারে।

এলডিসি উত্তরণের প্রভাব শুধু পোশাক খাতে সীমিত থাকবে না; ওষুধশিল্পেও ব্যাংক খাত নতুন ঝুঁকির মুখে পড়তে পারে। এখানে ঝুঁকির ধরন নগদ প্রবাহের অনিশ্চয়তা থেকে আইনি ও প্রযুক্তিগত অনিশ্চয়তায় রূপ নেয়। বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থার ট্রিপস চুক্তির আওতায় বাংলাদেশ পেটেন্ট সুরক্ষায় বিশেষ ছাড় পায়। এই সুবিধা ওষুধশিল্পের সম্প্রসারণ ঘটিয়েছে এবং ব্যাংকের শিল্পঋণ ও বিনিয়োগ অর্থায়নের সুযোগ বাড়িয়েছে। কিন্তু এলডিসি উত্তরণের পর পেটেন্ট আইন কঠোরভাবে মানতে হবে। এতে লাইসেন্স ফি, গবেষণা ও উন্নয়ন ব্যয় এবং মান নিয়ন্ত্রণের খরচ বাড়বে। এর ফলে প্রকল্প বিনিয়োগের ঝুঁকি বাড়তে পারে। ব্যাংকের জন্য এর অর্থ হলো দীর্ঘমেয়াদি ঋণ, বিনিয়োগ ফেরতের সময় বাড়া এবং প্রকল্প ব্যর্থতার সম্ভাবনা বৃদ্ধি। বাংলাদেশের ব্যাংকগুলো অনেক সময় দীর্ঘমেয়াদি ঝুঁকি মূল্যায়নে দুর্বল। অনেক ক্ষেত্রে প্রকল্প ঋণ রাজনৈতিক বা সম্পর্কভিত্তিক সিদ্ধান্তের প্রভাবেও দেওয়া হয়। তাই ট্রিপস-পরবর্তী বাস্তবতায় এই খাতে অর্থায়ন অব্যাহত থাকলে কঠোর ঋণ মূল্যায়ন ও শর্ত পর্যবেক্ষণ জরুরি। তা না হলে নতুন ধরনের ঋণ ঝুঁকি তৈরি হতে পারে।

উন্নয়ন অর্থায়নের ক্ষেত্রেও এলডিসি উত্তরণ ব্যাংক খাতের ওপর নতুন চাপ তৈরি করতে পারে। এলডিসি উত্তরণের পর সহজ শর্তের ঋণ ধীরে ধীরে কমে যেতে পারে। তখন সরকারকে আন্তর্জাতিক বাজারদরে ঋণ নিতে হবে, যেখানে সুদের হার বেশি এবং শর্তও কঠোর। বৈদেশিক ঋণের খরচ বাড়লে সরকার অনেক সময় ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ব্যাংক খাত থেকে বেশি ঋণ নেওয়ার প্রয়োজন হবে। এতে ব্যাংকের তারল্য সংকুচিত হতে পারে এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যেতে পারে। সুদের হার্রেও চাপ তৈরি হতে পারে। বাংলাদেশের ব্যাংক খাতে ইতিমধ্যেই আমানত ও ঋণ বৃদ্ধির ভারসাম্যহীনতা, কলমানি বাজারের ওপর নির্ভরতা এবং সঞ্চয়পত্রের সঙ্গে প্রতিযোগিতা রয়েছে। এই পরিস্থিতিতে সরকারি ঋণচাপ ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা আরও সীমিত করতে পারে।

জলবায়ু অর্থায়নের ক্ষেত্রেও এলডিসি উত্তরণ ব্যাংকগুলোর জন্য নতুন বাস্তবতা তৈরি করবে। কারণ আন্তর্জাতিক অনুদান বা বিশেষ সুবিধা কমলে ঝুঁকিপূর্ণ প্রকল্পের অর্থায়ন বাণিজ্যিক ব্যাংকের দিকে সরে আসে। বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়ায় এলডিসি হিসেবে কিছু আন্তর্জাতিক জলবায়ু তহবিল ও অগ্রাধিকার সুবিধা পেত। উত্তরণের পর এই সুবিধা কমে গেলে জলবায়ু অভিযোজন, বন্যা নিয়ন্ত্রণ, উপকূলীয় অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও গ্রিন ট্রান্সপোর্টের মতো প্রকল্পে দেশীয় সম্পদ বা বাণিজ্যিক ঋণের ওপর নির্ভরতা বাড়তে পারে। জলবায়ু অর্থায়নে ঝুঁকি ব্যবস্থাপনার ত্রুটি ব্যাংকের জন্য খেলাপি ঋণের নতুন ক্ষেত্রও তৈরি করতে পারে।

এই বাস্তবতায় বাংলাদেশের ব্যাংক খাতকে একসঙ্গে দুটি চাপ সামাল দিতে হবে। একদিকে সরকারি দীর্ঘমেয়াদি অর্থায়নের চাহিদা, অন্যদিকে বেসরকারি খাতের বিনিয়োগ প্রয়োজন। কিন্তু ব্যাংকগুলোর মূলধন শক্তি ও ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা এখনো পর্যাপ্ত নয়। উচ্চ খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি ব্যাংকের ঝুঁকি বহনক্ষমতা কমিয়ে দেয়। দুর্বল সুশাসনের কারণে অনেক সময় যথাযথ ঝুঁকি মূল্যায়ন ছাড়াই বড় ঋণ দেওয়া হয়। আবার পুনঃতফসিলীকরণের মাধ্যমে সমস্যাও অনেক সময় আড়াল করা হয়। দীর্ঘ আইনি জটিলতার কারণে খেলাপি ঋণ আদায়ও ধীরগতির। ফলে নতুন অর্থনৈতিক ধাক্কা এলে সমস্যা দ্রুত বড় আকার নিতে পারে। দুর্বল ব্যাংকের ক্ষেত্রে এই চাপ কখনো কখনো সামগ্রিক আর্থিক ব্যবস্থার ঝুঁকিতেও রূপ নিতে পারে।

ব্যাংক খাতে ডিজিটাল রূপান্তর শুরু হলেও তা এখনো অসম। এই অসমতা এলডিসি উত্তরণের পর আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক ব্যবস্থায় এখন কমপ্লায়েন্স, স্বচ্ছতা এবং সাইবার নিরাপত্তার গুরুত্ব দ্রুত বাড়ছে। তাই ব্যাংকগুলোকে অর্থপাচার প্রতিরোধ, বাণিজ্যভিত্তিক অর্থপাচার নিয়ন্ত্রণ, তথ্য নিরাপত্তা এবং সাইবার সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। বাংলাদেশের বাস্তবতায় অনেক ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ দুর্বল। প্রযুক্তি অবকাঠামোও সব ব্যাংকে সমান নয়। একই সঙ্গে জালিয়াতি ও সাইবার ঝুঁকিও বাড়ছে। তাই এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক মান পূরণ করা শুধু মর্যাদার বিষয় নয়; এটি ব্যাংক ব্যবস্থার টিকে থাকার শর্ত।

এই প্রেক্ষাপটে এলডিসি উত্তরণকে কেবল মর্যাদাগত সাফল্য হিসেবে দেখা যথেষ্ট নয়। এটি ব্যাংক খাতের জন্য এক ধরনের চাপ পরীক্ষা। এতে বোঝা যাবে কোন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বাস্তবভিত্তিক এবং কোনটি কাগুজে। শক্তিশালী তদারকি, সুশাসনের উন্নয়ন, দুর্বল ব্যাংকের পুনর্গঠন বা একীভূতকরণ এবং ঋণ আদায়ের আইনি কাঠামো আধুনিকায়ন এখন আরও জরুরি। কারণ আন্তর্জাতিক প্রতিযোগিতা বাড়ছে এবং অর্থায়নের খরচও বাড়ছে। এই পরিস্থিতিতে পর্যাপ্ত মূলধন সুরক্ষা ও সুশাসন না থাকলে ব্যাংক নিজেই আর্থিক অস্থিরতার উৎস হয়ে উঠতে পারে। বাংলাদেশের ব্যাংক খাতে দীর্ঘদিনের সমস্যাগুলো যদি একইভাবে চলতে থাকে, তবে এলডিসি উত্তরণ অর্থনীতির জন্য যতটা সুযোগ তৈরি করবে, ব্যাংক খাতের জন্য ততটাই ঝুঁকি তৈরি করতে পারে।

এই পরিস্থিতিতে ব্যাংকগুলোকে ঋণ কাঠামোতে বৈচিত্র্য আনতে হবে। প্রতিটি খাতের জন্য আলাদা ঝুঁকি মূল্যায়ন কাঠামো প্রয়োজন। একই সঙ্গে ডিজিটাল ব্যাংকিং, স্বয়ংক্রিয় ঋণ বিশ্লেষণ, বিকল্প তথ্য ব্যবহার এবং ফিনটেক সহযোগিতা ব্যাংক সেবাকে আরও দক্ষ করতে পারে। তবে এর সঙ্গে তথ্য গোপনীয়তা, সাইবার ঝুঁকি এবং পরিচালন ঝুঁকিও বাড়ে। তাই ব্যাংক আধুনিকায়ন মানে শুধু প্রযুক্তি ব্যবহার নয়। এর অর্থ হলো শক্তিশালী ঋণ শৃঙ্খলা, উন্নত ঝুঁকি সংস্কৃতি এবং কঠোর নিয়ন্ত্রক মানদণ্ড নিশ্চিত করা।

এই বাস্তবতায় এলডিসি উত্তরণের সময়সীমা কিছুটা পিছিয়ে দেওয়ার আলোচনা নতুন করে গুরুত্ব পাচ্ছে। অতিরিক্ত সময় পাওয়া গেলে বাণিজ্য আলোচনায় অগ্রগতি, জিএসপি প্লাসের শর্ত পূরণ, রপ্তানি বাজার বৈচিত্র্য এবং শিল্প উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। এতে ব্যাংকের দৃষ্টিতে রপ্তানি আয় ও নগদ প্রবাহ আরও স্থিতিশীল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে এই সময়টি ব্যাংক খাতের জন্য কাঠামোগত সংস্কার ও ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেও বিবেচিত হতে পারে।

বর্তমান বৈশ্বিক আর্থিক পরিবেশে ব্যাংক তদারকি দ্রুতই ঝুঁকিভিত্তিক কাঠামোর দিকে অগ্রসর হচ্ছে। ফলে কেবল নিয়ম মেনে চলাই যথেষ্ট নয়; ব্যাংকের প্রকৃত ঝুঁকি ধারণক্ষমতা, মূলধন পর্যাপ্ততা, তারল্য ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের কার্যকারিতাও কঠোরভাবে মূল্যায়িত হচ্ছে। এই বাস্তবতায় উন্নত ঝুঁকি মূল্যায়ন পদ্ধতি, কার্যকর স্ট্রেস টেস্টিং, খাতভিত্তিক ঋণ ঝুঁকি বিশ্লেষণ এবং সুশাসন নিশ্চিত করা আরও জরুরি হয়ে উঠবে। বিশেষ করে রপ্তানি, বৈদেশিক লেনদেন, দীর্ঘমেয়াদি প্রকল্প অর্থায়ন ও জলবায়ু বিনিয়োগের মতো খাতে সম্ভাব্য ধাক্কা মোকাবিলায় ব্যাংকগুলোকে আগাম ঝুঁকি শনাক্ত ও সামাল দেওয়ার সক্ষমতা বাড়াতে হবে। নিয়মিত স্ট্রেস টেস্টিং, পর্যাপ্ত মূলধন নিশ্চিতকরণ এবং ঝুঁকিপূর্ণ খাতে ঋণ কেন্দ্রীভবন কমানো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। অন্যথায় বিদ্যমান খেলাপি ঋণ, সুশাসন ঘাটতি ও মূলধন দুর্বলতা ভবিষ্যতে আর্থিক স্থিতিশীলতার জন্য আরও বড় ঝুঁকি তৈরি করতে পারে।

অতএব সময় পাওয়া মানে সমস্যাকে আড়াল করা নয়; বরং সময়ের কার্যকর ব্যবহার হলো ব্যাংক খাতকে এমনভাবে প্রস্তুত করা, যাতে এলডিসি উত্তরণের পর বাণিজ্য সুবিধা কমলেও আর্থিক ব্যবস্থা স্থিতিশীল থাকে এবং অর্থনীতির পরিবর্তিত ঝুঁকি কাঠামোর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। টেকসই উন্নয়নের জন্য এলডিসি উত্তরণকে তাই ব্যাংক খাতের গভীর সংস্কার, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা এবং কার্যকর ঝুঁকিভিত্তিক তদারকির সঙ্গে সমন্বয় করেই দেখতে হবে। নইলে উন্নয়ন এগোবে, কিন্তু ব্যাংক খাত সেই উন্নয়নের চাপ বহন করতে গিয়ে দুর্বল হয়ে পড়বে এবং আর্থিক স্থিতিশীলতাও প্রশ্নের মুখে পড়তে পারে।

লেখক: অধ্যাপক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং চেয়ারম্যান, ডিনেট

Share this article

আপনারা চাইলে কাস্টম বিজ্ঞাপন এইখানে দিতে পারেন
বিজ্ঞাপনের ছবি বা ভিডিও সাইজ ৩৩৬x২৮০ পিক্সাল হতে হবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top