ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের টার্গেট সরকারের

ছবি: পিএমও
ছবি: পিএমও

নির্বাচনী ইশতেহার অনুযায়ী সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরকার। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ, রমজান উপলক্ষে সুলভ মূল্যে প্রোটিন সরবরাহ এবং কৃষি ও স্বাস্থ্য কার্ড চালুর উদ্যোগ।

সচিবালয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভার মূল লক্ষ্য ছিল নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ চালুর কর্মপরিকল্পনা চূড়ান্ত করা। বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতরের আগেই প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সভায় তিনি বলেন, “আমাদের অনগোইং (On-going) যে প্রকল্প চলছে তা চলতে থাকবে, কোনোটিই বন্ধ হবে না। আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছি। ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আমাদের যে দায়িত্ব আছে তা যথাযথভাবে পালন করব।”

নিয়ম ও সেবার বিষয়ে মন্ত্রী যোগ করেন, “আমাদের রুলস হলো মানুষের সেবা করা। রুলস অব বিজনেস কী—এই নিয়মের মধ্যে আটকে থাকলে তা পরিবর্তন করে এগোতে হবে।” একই সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর দিয়ে বলেন, “আমাদের সময় কম। এই অল্প সময়ে আমাদের অনেক কাজ করতে হবে। আমাদের যে বাজেট আছে এই বাজেটের মধ্যেই ওয়েল ডেভেলপমেন্ট করতে হবে।”

১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন

রমজান মাসে নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস ও মাছ সরবরাহের উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মহাখালীতে এই কর্মসূচির উদ্বোধনকালে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, এর আওতায় প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, “রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্য বৃদ্ধি করলে নিম্নআয়ের মানুষের কষ্ট বেড়ে যায়। নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে সরকারের এই ধরনের উদ্যোগ তাদের জন্য সহায়ক ভূমিকা রাখবে।”

তিনি আরও জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের কথা স্মরণ করে তিনি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তবে সরকারের এই জনকল্যাণমূলক প্রস্তুতির সমান্তরালে রাজধানীর কাঁচাবাজারে বিরাজ করছে চরম অস্থিরতা। ঢাকার দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে দেখা গেছে, রমজানের প্রথম দিনেই ইফতারের প্রধান অনুষঙ্গ লেবুর দাম আকাশচুম্বী হয়ে ঠেকেছে। বর্তমানে ঢাকার বাজারে ভালো মানের এক হালি লেবুর দাম ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত উঠেছে, যা দিয়ে অনায়াসেই এক ডজন ফার্মের মুরগির ডিম কেনা সম্ভব। প্রতিবেদন অনুযায়ী, গত দুই সপ্তাহের ব্যবধানে লেবুর দাম দ্বিগুণের বেশি বেড়েছে।

শুধু লেবু নয়, ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি ২০০ টাকা ছাড়িয়েছে এবং বেগুন ও শসার দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাজারের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে বলেও উল্লেখ করেছে পত্রিকাটি।

Share this article

আপনারা চাইলে কাস্টম বিজ্ঞাপন এইখানে দিতে পারেন
বিজ্ঞাপনের ছবি বা ভিডিও সাইজ ৩৩৬x২৮০ পিক্সাল হতে হবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top