তিন দিনে মিলবে ব্যবসা শুরুর পাঁচ লাইসেন্স

ছবি: বিডা
ছবি: বিডা

বাংলাদেশের বিনিয়োগ পরিবেশকে বিশ্বমানে উন্নীত করতে এবং আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বিনিয়োগকারীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে রবিবার (১ ফেব্রুয়ারি) যাত্রা শুরু করল বাংলাবিজ প্ল্যাটফর্মের নতুন সংস্করণ ‘বাংলাবিজ ২.০’।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর যৌথ উদ্যোগে ঢাকার আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য একটি একক, পূর্ণাঙ্গ ও ডিজিটাল বিনিয়োগ সেবা প্ল্যাটফর্ম গড়ে তোলার পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বিডার গভর্নিং বোর্ডের বৈঠকে বাংলাবিজকে বিনিয়োগ সংক্রান্ত সব সরকারি সেবার একক প্রবেশদ্বার হিসেবে নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ হবে বলে আশা করা হচ্ছে।”

“এই প্ল্যাটফর্ম বাংলাদেশকে ডিজিটাল বিনিয়োগ সেবায় বৈশ্বিক মানদণ্ডের আরও কাছাকাছি নিয়ে যাবে। বাংলাবিজ প্ল্যাটফর্মে ২০৩০ সাল পর্যন্ত একটি স্পষ্ট রোডম্যাপ অনুযায়ী ধারাবাহিকভাবে এমন নতুন ফিচার যুক্ত করা হবে, যা বিনিয়োগের খরচ, সময় ও অনিশ্চয়তা কমাতে সহায়ক হবে,” যোগ করেন তিনি।

“অনলাইন সিস্টেমে ব্যবসা নিবন্ধন ও অনুমোদন প্রক্রিয়া একীভূত করার মাধ্যমে বাংলাবিজ বাংলাদেশের বিনিয়োগ পরিবেশকে বিশ্বমানের একটি ইকোসিস্টেমে রূপান্তর করবে,” উল্লেখ করে জাইকার বাংলাদেশ অফিসের প্রধান তোমোহিদে ইচিগুচি বলেন, “জাইকা বিনিয়োগবান্ধব, স্বচ্ছ ও পূর্বানুমেয় ব্যবসা পরিবেশ গড়ে তুলতে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, “সরকারি সেবা ডিজিটাল করতে হলে তা ব্যবহারকারীকেন্দ্রিক এবং শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ডিজিটাল হতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় ও জটিল প্রক্রিয়া সহজ করা জরুরি।” অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচিও উপস্থিত ছিলেন।

তথ্যভিত্তিক পোর্টাল হিসেবে গত বছরের ২৮ সেপ্টেম্বর বাংলাবিজের প্রথম সংস্করণ চালু করা হয়। সে সময় বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) বিদ্যমান ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালগুলো সংযুক্ত করে বিনিয়োগকারীদের জন্য একটি একক ডিজিটাল প্রবেশদ্বার তৈরি করা হয়। এর ধারাবাহিকতায় এসেছে বাংলাবিজের দ্বিতীয় সংস্করণ।

তিন দিনে ব্যবসা শুরু: ‘স্টার্টার প্যাকেজ’

বাংলাবিজ ২.০-এর সবচেয়ে বড় চমক হলো এর ‘বিজনেস স্টার্টার প্যাকেজ’। এখন থেকে একজন বিনিয়োগকারী একটি মাত্র আবেদনের মাধ্যমে নেম ক্লিয়ারেন্স, অস্থায়ী ব্যাংক হিসাব খোলা, কোম্পানি নিবন্ধন, ই-টিআইএন এবং ট্রেড লাইসেন্স সম্পন্ন করতে পারবেন। এর ফলে আগে যেখানে ব্যবসা নিবন্ধনে দীর্ঘ সময় লাগত, এখন তা মাত্র তিন কার্যদিবসেই সম্ভব হবে।

নতুন এই সংস্করণে পরিবেশ ছাড়পত্র, ভ্যাট নিবন্ধন, অগ্নি নিরাপত্তা লাইসেন্স এবং আমদানি-রপ্তানি সনদসহ ২০টিরও বেশি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অনুমোদন সরাসরি যুক্ত করা হয়েছে। বিডা, বেজা, বেপজা, হাইটেক পার্ক ও বিসিক-এর ওএসএস পোর্টালগুলো এখন এই একক প্রবেশদ্বারের মাধ্যমে সেবা প্রদান করবে।

উদ্ভাবনী ফিচার: বিবিআইডি ও কেওয়াইএ

বাংলাবিজ আইডি (বিবিআইডি): প্রতিটি ব্যবসার জন্য একটি ইউনিক পরিচিতি নম্বর প্রদান করা হবে, যা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে ‘ইউনিক বিজনেস আইডি’ (ইউবিআইডি) হিসেবে কাজ করবে।

নো ইয়োর অ্যাপ্রুভালস (কেওয়াইএ): বিনিয়োগকারীরা আগেই জানতে পারবেন কোন খাতের ব্যবসার জন্য কী কী নথিপত্র প্রয়োজন। কোনো জটিলতা হলে সহায়তার জন্য থাকবেন নির্দিষ্ট ‘রিলেশনশিপ ম্যানেজার’ (আরএম)।

সিঙ্গেল সাইন-অন: মাত্র একবার লগইন করেই সংশ্লিষ্ট সব সংস্থার ডিজিটাল সেবা গ্রহণ করা যাবে।

Share this article

আপনারা চাইলে কাস্টম বিজ্ঞাপন এইখানে দিতে পারেন
বিজ্ঞাপনের ছবি বা ভিডিও সাইজ ৩৩৬x২৮০ পিক্সাল হতে হবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top