সরকারের আশ্বাসে টেক্সটাইল মিল বন্ধের কর্মসূচি স্থগিত

ডিএসজে কোলাজ
ডিএসজে কোলাজ

দেশের স্পিনিং খাতের বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে সরকারের পক্ষ থেকে দৃঢ় আশ্বাস পাওয়ায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঘোষিত টেক্সটাইল মিল বন্ধের কর্মসূচি আপাতত স্থগিত করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় গত ২৭ জানুয়ারি এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিটিএমএ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই সভায় বাণিজ্য উপদেষ্টা স্পিনিং সেক্টরের বিদ্যমান সমস্যাগুলো গভীরভাবে পর্যালোচনা করেন এবং এগুলোর যৌক্তিকতা স্বীকার করে নেন। তিনি দেশের রপ্তানি বাণিজ্য ও শিল্পখাতে স্পিনিং শিল্পের কৌশলগত গুরুত্ব তুলে ধরে জানান যে, সরকার অতি দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যার কার্যকর, বাস্তবসম্মত ও ন্যায্য সমাধানে অঙ্গীকারবদ্ধ।

সভায় বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বিজিএমইএ-এর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান এবং বিকেএমইএ-এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাণিজ্য সচিব ও অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিরা নিজ নিজ খাতের প্রস্তাবনা ও দাবির যৌক্তিকতা সভায় বিস্তারিতভাবে উপস্থাপন করেন।

বাণিজ্য উপদেষ্টা সভায় পুনর্ব্যক্ত করেন যে, টেক্সটাইল ও স্পিনিং খাতের সংকট নিরসনে সরকার সম্পূর্ণরূপে বদ্ধপরিকর। এই লক্ষ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামী ৩ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে সংশ্লিষ্ট সকল অংশীজনের অংশগ্রহণে একটি সমন্বয় সভা আহ্বান করা হয়েছে। সরকারের এই স্পষ্ট আশ্বাস এবং আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের গুরুত্ব বিবেচনা করে বিটিএমএ তাদের পূর্বঘোষিত শাটডাউন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়।

বিটিএমএ নেতাদের প্রত্যাশা, সরকার দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান করবে যা দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সুরক্ষায় সহায়ক হবে। তবে সংগঠনটি জানিয়েছে যে, ৩ ফেব্রুয়ারির সমন্বয় সভার সিদ্ধান্ত এবং পরবর্তী অগ্রগতি পর্যালোচনা করেই তারা তাদের পরবর্তী কর্মপন্থা চূড়ান্ত করবে।

Share this article

আপনারা চাইলে কাস্টম বিজ্ঞাপন এইখানে দিতে পারেন
বিজ্ঞাপনের ছবি বা ভিডিও সাইজ ৩৩৬x২৮০ পিক্সাল হতে হবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top