দেশের প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন গণতান্ত্রিক অর্থনীতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি জানিয়েছেন, বাংলাদেশের অর্থনীতি কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়, বরং এটি হতে হবে দেশের সকল সাধারণ মানুষের জন্য। অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার (১৮ জানুয়ারি) নবাগত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে বরণ করে নিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “গত ৫ আগস্ট পরবর্তী সময়ে জনগণের মনোজগতে এক ব্যাপক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড গ্রহণ করতে হবে।” তিনি বলেন, “দেশের প্রতিটি মানুষের জন্য অর্থনীতিতে একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ তৈরি করতে হবে যেন অর্থনীতির সুফল তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছায়।”
এই লক্ষ্য অর্জনে তিনি বর্তমান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভগ্নদশা কাটিয়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী বলেন, আমাদের এখনকার প্রধান চ্যালেঞ্জ হলো ইনস্টিটিউশনগুলোকে রিকভার করা। প্রতিটি প্রতিষ্ঠানে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং কর্মদক্ষতা ফিরিয়ে আনতে হবে।
অর্থনীতির কাঠামো পরিবর্তনের কথা উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “প্রচলিত পৃষ্ঠপোষকতার অর্থনীতিকে ভেঙে একটি গণতান্ত্রিক অর্থনীতিতে পরিণত করতে হবে। এই রূপান্তর সফলভাবে করতে হলে ডিরেগুলেশন এবং লিবারলাইজেশনের কোনো বিকল্প নেই।”
খসরু মনে করেন, আমাদের শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং খাতের ওপর নির্ভরশীল না থেকে অর্থনীতিকে বহুমুখী করতে হবে। খেলাধুলা, সংস্কৃতিসহ বিভিন্ন বিচিত্র পেশাকে অর্থনৈতিক মূলধারায় সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। একটি উদাহরণ টেনে তিনি বলেন, “বরিশালের একটি সাধারণ শীতলপাটির কারিগরকে যদি আধুনিক প্রশিক্ষণ, ঋণ সুবিধা এবং অনলাইন মার্কেটিংয়ের সুযোগ করে দেওয়া যায়, তবে এই ক্ষুদ্র শিল্পটি বিশ্ববাজারে বড় জায়গা করে নিতে পারবে।”
অনুষ্ঠানে নবনিযুক্ত প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফার বাস্তবায়নের আলোকেই দেশের আগামী দিনের অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হবে।” তিনি একটি সুসংহত ও শক্তিশালী গণতান্ত্রিক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এছাড়াও অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ আবদুর রহমান খানসহ অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা ও দেশপ্রেমের সাথে কাজ করার আহ্বান জানান বলেও মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান প্রেরিত বার্তায় উল্লেখ করা হয়েছে।













