ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে উদ্ভূত চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। উদ্ভূত পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরাক, বাহরাইন ও লেবাননে থাকা প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাস।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় এক জরুরি বৈঠকে মিলিত হয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। বৈঠকে তাঁরা তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলে ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।
বিডিনিউজ জানায়, এরই মধ্যে কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় একজন বাংলাদেশি কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চলায় প্রবাসীদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সব প্রবাসীকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ে থাকা বাংলাদেশিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, খোলা আকাশের নিচে অবস্থান না করা এবং নগদ টাকা, পাসপোর্ট ও প্রয়োজনীয় ওষুধ সবসময় সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় আইন অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধের ছবি বা ভিডিও আপলোড করা থেকে বিরত থাকতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আকাশপথ ও আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে গমনেচ্ছু বাংলাদেশি কর্মীদের যাতায়াত ব্যাহত হচ্ছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই আটকে পড়া কর্মীদের প্রবেশের অনুমতি দিতে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে অনুরোধ জানানো হয়েছে এবং কয়েকটি দেশ ইতোমধ্যে ইতিবাচক আশ্বাস দিয়েছে। দেশের বিমানবন্দরগুলোতে অবস্থানরত কর্মীদের প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সরকার স্পষ্ট করেছে যে, সংঘাত কখনও স্থায়ী সমাধান আনতে পারে না এবং সংলাপ ও আন্তর্জাতিক আইনের মাধ্যমেই বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি সম্ভব।
বিপদগ্রস্ত প্রবাসীদের তাৎক্ষণিক সহায়তার জন্য দূতাবাসগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে এমন বিশেষ হটলাইন নম্বর ও ই-মেইল ঠিকানা প্রকাশ করেছে। আরব আমিরাতের আবুধাবির জন্য +৯৭১ ৫৬৬১১ ৭২১৫ ও দুবাইয়ের জন্য +৯৭১ ৫০৮১৬৮২৫৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া কুয়েতের জন্য +৯৬৫ ৬৯৯২০০০১৩, ইরাকের জন্য +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০ এবং বাহরাইনের জন্য +৯৭৩ ৩৩৩৭৫১৫৫ নম্বরে প্রবাসীরা যেকোনো জরুরি প্রয়োজনে সাহায্য চাইতে পারবেন। বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখার এবং সংলাপের পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছে।













