পলিথিন-প্লাস্টিককে ‘না’: বাণিজ্যমেলায় এবার পাটের জয়যাত্রা!

সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ছবি: পিআইডি
সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ছবি: পিআইডি

সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

পহেলা জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে (ডিআইটিএফ-২০২৬) পলিথিন ব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। একইদিন অনুষ্ঠিত মেলাবিষয়ক সংবাদ সম্মেলনেও বিষয়টি উল্লেখ করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

তিনি বলেছেন, “পলিথিন ব্যাগ ব্যবহার করলে সংশ্লিষ্ট স্টল বা প্যাভিলিয়ন কোনো ধরনের পুরস্কারের জন্য বিবেচিত হবে না।”

তিনি আরও বলেন, “দর্শনার্থীদের জন্য বিকল্প হিসেবে পাটের ব্যাগ সরবরাহ করা হবে, যা জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে স্বল্পমূল্যে বিক্রি করা হবে।”

পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী মেলায় মোট ৩২৪টি স্টল ও প্যাভিলিয়ন থাকবে। সচিব বলেন, “১১টি বিদেশি স্টল ও প্যাভিলিয়নের অংশগ্রহণ থাকায় মেলাটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা হিসেবেই বিবেচিত হবে।”

তিনি আরও জানান, “অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল/প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ই-টিকিটিং (অন-স্পট টিকিট ক্রয় ব্যবস্থার পাশাপাশি অনলাইনে টিকিট কিনে কিউআর কোড স্ক্যান করে মেলায় প্রবেশ)-এর ব্যবস্থা করা হয়েছে।”

এবার মেলার টিকিটের মূল্য (জনপ্রতি) ৫০ টাকা (প্রাপ্তবয়স্ক) এবং শিশুদের (১২ বছরের নিচে) ক্ষেত্রে ২৫ টাকা। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা তাদের কার্ড দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। আগের মতো মেলাটি মাসব্যাপী সকাল ৯টা ৫৫ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত চলবে (সাপ্তাহিক ছুটির দিনগুলোতে রাত ১০টা পর্যন্ত)।

দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তা প্রদানের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর  (ইপিবি) যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা হচ্ছে।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) তথ্য বিবরণী ও বাংলাদেশ সংবাদ সংস্থার খবরে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মেলার উদ্বোধন করবেন।

ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ‘ডেডিকেটেড’ বাস সার্ভিসের পাশাপাশি এবার যুক্ত হচ্ছে, কনসেশনাল রেটে ‘পাঠাও’ সার্ভিস।

মেলায় সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ি), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশে বিআরটিসির ২০০টির বেশি ডেডিকেটেড শাটল বাস চলবে। মেলায় থাকবে পর্যাপ্ত কার পার্কিংয়ের সুবিধা।

মেলা প্রাঙ্গণ থেকে শাটল বাসের সর্বশেষ ট্রিপ ছাড়বে রাত ১১টায়। নির্ধারিত ভাড়া অনুযায়ী ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ি) থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া ৭০ টাকা, কুড়িল বিশ্বরোড থেকে ৪০ টাকা, চাষাড়া থেকে ১২০ টাকা, মুক্তারপুর থেকে ১৩০ টাকা, নরসিংদী থেকে ১০০ টাকা এবং মেলা প্রাঙ্গণ থেকে সাইনবোর্ড পর্যন্ত ভাড়া ১০০ টাকা (জনপ্রতি) নির্ধারণ করা হয়েছে।

ব্যাংকিং সেবার জন্য মেলায় থাকবে পর্যাপ্তসংখ্যক এটিএম (স্বয়ংক্রিয় টেলার মেশিন) বুথ। সরকার জানিয়েছে, মেলার সার্বিক নিরাপত্তা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে।

সার্ভিস গেট ও ভিআইপি গেটের শৃঙ্খলা বজায় রাখতে প্রাইভেট সিকিউরিটি গার্ড নিয়োগ করা হয়েছে। নিরাপত্তা অগ্রাধিকার বিবেচনায় মেলা প্রাঙ্গণের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, প্রবেশ গেট, পার্কিং এলাকা এবং সংশ্লিষ্ট সব এলাকায় প্রয়োজনীয়সংখ্যক সিসিটিভি স্থাপন করা হয়েছে।

এছাড়া, মেলার প্রবেশ গেটে প্রয়োজনীয়সংখ্যক আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করা হয়েছে। একইভাবে যে কোনো ধরনের অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে মেলায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে ফায়ার ব্রিগেড।

সচিব বলেন, “এ বছর প্রথমবারের মতো মেলায় চালু হচ্ছে ‘এক্সপোর্ট এনক্লেভ, যেখানে ‘বেস্ট অব বাংলাদেশ’ শিরোনামে চামড়া ও জুতা, লাইট ইঞ্জিনিয়ারিংসহ ৭টি রপ্তানিমুখী খাতের সেরা পণ্য প্রদর্শন করা হবে। বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।”

তিনি জানান, বিদেশি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের সুবিধার্থে থাকবে ইলেকট্রনিকস ও ফার্নিচার জোন। সিনিয়র সিটিজেনদের জন্য তৈরি করা হয়েছে, বসার কর্নার। শিশুদের বিনোদনের জন্য মেলায় থাকবে ২টি শিশুপার্ক। মেলায় থাকবে উন্মুক্ত সাংস্কৃতিক কেন্দ্র। নারী, প্রতিবন্ধী, কুটির, তাঁত, বস্ত্র ও হস্তশিল্প উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া, তারুণ্যের শক্তি ও উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে মাসব্যাপী মেলায় থাকবে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন।

দেশীয় বস্ত্র, মেশিনারি, কার্পেট, কসমেটিকস ও বিউটি এইডস, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, চামড়া, কৃত্রিম চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, খেলাধুলার সামগ্রী, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি পণ্য মেলায় প্রদর্শিত হবে বলে সরকারি কর্মকর্তা জানিয়েছেন।

বাসস জানিয়েছে, মেলায় খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ গঠিত টিম মেলা চলাকালীন প্রতিদিন ভেজালবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করবে। মেলায় ৫টি প্রতিষ্ঠানকে প্রিমিয়ার রেস্টুরেন্ট, প্রিমিয়ার মিনি রেস্টুরেন্ট ও কফি শপ বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া, মেলায় এক্সিবিশন সেন্টারের ভেতরে ৫০০ আসনবিশিষ্ট একটি ক্যাফেটেরিয়া রয়েছে, যাতে দর্শনার্থীরা নির্ধারিত মূল্যে চমৎকার পরিবেশে মানসম্মত খাবার খেতে পারবেন।

মেলায় আগত দর্শনার্থীদের জন্য সার্বক্ষণিক চিকিৎসক ও পেশেন্ট কেয়ার অ্যাটেনডেন্ট উপস্থিত থেকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও চিকিৎসা পরামর্শ প্রদান করবে। মা ও শিশুদের জন্য মেলায় থাকবে মা ও শিশুকেন্দ্র।

বাণিজ্য সচিব বলেন, এবারের বাণিজ্য মেলায় ৫২-এর ভাষা আন্দোলন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্থিরচিত্র প্রদর্শনের জন্য ‘বাংলাদেশ স্কয়ার’ নির্মাণ করা হয়েছে।

এছাড়াও মেলায় খাতভিত্তিক সেমিনার ও কর্মশালা আয়োজন করা হবে, যেখানে বাংলাদেশের পণ্যের গুণগত মান ও আন্তর্জাতিক কমপ্লায়েন্স তুলে ধরা হবে।

Share this article

আপনারা চাইলে কাস্টম বিজ্ঞাপন এইখানে দিতে পারেন
বিজ্ঞাপনের ছবি বা ভিডিও সাইজ ৩৩৬x২৮০ পিক্সাল হতে হবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top