পুঁজিবাজার সংশ্লিষ্ট শীর্ষ নেতৃবৃন্দের উদ্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “যদি তাঁর দল ক্ষমতায় আসে, তাহলে পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের নীতিগত পদক্ষেপ নেওয়া হবে।”
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন ডিএসজে প্রতিবেদককে এই তথ্য নিশ্চিত করেছেন।
দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মঙ্গলবার (২০ জানুয়ারি) সাক্ষাৎ করেন পুঁজিবাজার সংশ্লিষ্ট শীর্ষ নেতৃবৃন্দ। তাঁরা পুঁজিবাজারের সংকট, সম্ভাবনা এবং উন্নয়নে করণীয় বিষয়গুলো তুলে ধরেন।
সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, পরিচালক মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি রোজারিও, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রেসিডেন্ট এ কে এম হাবিবুর রহমান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট ইফতেখার আলম, ডিবিএ ভাইস প্রেসিডেন্ট নাফিস আল তারিকসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
গত ৬ জানুয়ারি এক চিঠির মাধ্যমে ১৪ সদস্যের এই প্রতিনিধিদল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল। সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল প্রায় ৮৮ বিলিয়ন মার্কিন ডলার বাজার মূলধন এবং প্রায় দেড় মিলিয়ন নিবন্ধিত বিনিয়োগকারী-সমৃদ্ধ এই গুরুত্বপূর্ণ খাতের বর্তমান বাস্তবতা তারেক রহমানের সামনে তুলে ধরা।
পাশাপাশি জাতীয় স্বার্থে পুঁজিবাজারের ভবিষ্যৎ দিকনির্দেশনা, কাঠামোগত সংস্কার এবং উন্নয়নে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ বিষয়ে নেতৃবৃন্দের সুনির্দিষ্ট মতামত ও সুপারিশ বিনিময় করা হয়। পুঁজিবাজার নেতৃবৃন্দ মনে করছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে এই আলোচনা দেশের ১৫ লাখ বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা এবং জাতীয় অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
ডিএসই পরিচালক মিনহাজ মান্নান ইমন ডিএসজে প্রতিবেদককে বলেন, “ডিবিএর উদ্যোগে এবং ডিএসই চেয়ারম্যানের সহযোগিতায় এই সাক্ষাতের আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পুঁজিবাজারের বর্তমান সংকট ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে অবহিত করা।”
তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। সে কারণেই স্টেকহোল্ডাররা চেষ্টা করেছেন—কী ধরনের নীতিগত ও কাঠামোগত পদক্ষেপ নিলে পুঁজিবাজার ভবিষ্যতে দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে তাঁকে ধারণা দিতে।”
মিনহাজ মান্নান ইমন জানান, আলোচনায় পুঁজিবাজারের বিদ্যমান চ্যালেঞ্জ, আস্থার সংকট, বিনিয়োগকারীদের সুরক্ষা এবং বাজারের গভীরতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে।













