ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, আপাতত বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ রাখা হয়েছে এবং দেশের চিনিকলে মজুত থাকা চিনি আগে বাজারজাত করা হবে।
শনিবার (৬ ডিসেম্বর) নাটোরের উত্তরা গণভবনের সংস্কারকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। পরে শিল্প উপদেষ্টা নাটোর সুগার মিলস লিমিটেডও পরিদর্শন করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আদিলুর রহমান খান বলেন, শুধু ভর্তুকির মাধ্যমে চিনিকল পরিচালনা করা সম্ভব নয়। এ জন্য দেশীয় ও বিদেশি বিনিয়োগ জরুরি। সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরকার যোগাযোগ করছে এবং অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শিল্প উপদেষ্টা আরও বলেন, দেশের চিনিকলগুলো বর্তমানে জাতীয় চাহিদার খুবই অল্প অংশ পূরণ করতে সক্ষম। ফলে চিনিশিল্পের সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রাশিদুল হাসান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব, নাটোর সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখলাছুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।











