অর্থনীতি এখন ‘আইসিইউ’ থেকে ‘কেবিনে’

ছবি: বাসস
ছবি: বাসস

ছবি: বাসস

অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।” সোমবার দুপুরে চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা আরও বলেন, “দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা আর ভঙ্গুর নয়। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। প্রচুর দুর্নীতি ও অর্থ পাচারের কারণে অর্থনীতি খাদের কিনারায় পড়ে গিয়েছিল, সেখান থেকে আমরা উত্তোলনের চেষ্টা করেছি।” রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “এখন আর কোনো রাজনৈতিক চাপ নেই। টাকা দিয়ে কোনো বিশেষ দল আর ক্ষমতায় আসতে পারবে না।”

একই দিনে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিভাগীয় মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ দেশ রেখে যাওয়া আমাদের কর্তব্য। সে কারণেই আগামী নির্বাচন ও গণভোট গুরুত্বপূর্ণ।” তিনি উল্লেখ করেন, ”বিগত সময়ে মাত্র চার মিনিটে জনগণের মতামত ছাড়াই সংবিধান সংশোধন করা হয়েছিল, যার ফলে ফ্যাসিবাদ গেড়ে বসেছিল।” ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে তিনি সকলকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে, পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্যই এই গণভোট। যদি জনগণ মনে করেন ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে একটি নতুন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার দিকে দেশ এক ধাপ এগোতে পারে, তবে তারা সেই অনুযায়ী রায় দেবেন।”

জয়পুরহাটে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক বলেন, “জবাবদিহিমূলক প্রশাসন ও স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংস্কার অপরিহার্য। এই রাষ্ট্র আপনার, তাই ভোট দিয়ে এর চাবি নিজের হাতে নিন।” তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এবং প্রার্থীদের দায়বদ্ধ করতে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোট দেওয়া অত্যন্ত জরুরি।

Share this article

আপনারা চাইলে কাস্টম বিজ্ঞাপন এইখানে দিতে পারেন
বিজ্ঞাপনের ছবি বা ভিডিও সাইজ ৩৩৬x২৮০ পিক্সাল হতে হবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top